Main Menu

রাজনগরে পানিবন্দি অর্ধশত প্রাথমিক বিদ্যালয়

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিদিনই কাওয়াদীঘি হাওরে পানি বাড়ছে। এতে হাওর তীরের ফতেহপুর, পাঁচগাঁও ও মুন্সিবাজার ইউনিয়নের অর্ধশত প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। ১০টিরও বেশি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে।

বিভিন্ন বাড়িতে চলছে দু‘টি বিদ্যালয়ের পাঠদান। হাওরে অতিরিক্ত পানির কারণে বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর উপস্থিতিও কমে গেছে। এতে বিঘ্নিত হচ্ছে শিশুদের লেখা পড়া।

প্রচুর বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে গত ৩ মাস থেকে রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর তীরের ফতেহপুর, মুন্সিবাজার, উত্তরভাগ, মনসুরনগর ও পাঁচগাঁও ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে ফতেহপুর, পাঁচগাঁও ও মুন্সিবাজার ইউনিয়নের ১০টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া ফতেহপুর ইউনিয়নের ১৮টি, পাঁচগাঁও ইউনিয়নের ২৪টি বিদ্যালয় পানিবন্দি রয়েছে। মুন্সিবাজার ইউনিয়নের ৮টি বিদ্যালয়সহ বেশ কিছু বিদ্যালয় পানিবন্দি রয়েছে।

এতে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীর। বেতুহুঞ্জা, অন্তেহরি, পাঁচগাঁও, রক্তা, সারমপুর, কামালপুর বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যায় ফতেহপুর ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সবকটিই পানি বন্দি। এসব বিদ্যালয়ে ছাত্র উপস্থিতি একেবারেই কমে গেছে। ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ মাস ধরে পানিতে তলিয়ে আছে। এই বিদ্যালয়ের পাঠদান চলছে পাশের একটি বাড়িতে। কোনমতে পাঠদান চালু রাখলেও ছাত্রছাত্রী উপস্থিতি কম।

ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, দীর্ঘদিন থেকে স্কুল পানিবন্দি। কোনমতে অন্যের বাড়িতে পাঠদান চালালেও ছাত্রছাত্রী উপস্থিতি আশাব্যঞ্জক নয়।

সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, কোনমতে আজ পরীক্ষা শেষ করেছি। পানি বাড়ছে। বিদ্যালয়ের বারান্দায় উঠে গেছে। কাল থেকে হয়তো আর স্কুল খোলা রাখা যাবে না।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া বলেন, ফতেহপুর, পাঁচগাঁও ইউনিয়েনর প্রায় সব বিদ্যালয়ের আশেপাশে পানি উঠে গেছে। কয়েকটি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় বিকল্পভাবে পাঠদান চলছে। পানির কারণে স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতিও কম।

 

Share





Related News

Comments are Closed