Main Menu

বালাগঞ্জে ছয় ইউনিয়নের ১৫৭ গ্রাম প্লাবিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং কুশিয়ারা ডাইকের বিভিন্ন স্থানে ভাঙ্গনের ফলে সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যার সৃষ্টি হয়েছে। সেখানে পানি ক্রমাগত বেড়েই চলেছে। এতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের ৮০ ভাগ মানুষ পানিবন্দি রয়েছে।
সরকারি সাহায্য চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া। তিনি সরকারের পাশাপাশি বানভাসী মানুষের পাশে বিত্তশালী ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে, পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে গো-খাদ্য সংকটসহ পানিবাহিত রোগ ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ জানান- বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরিপুরসহ ৬টি ইউনিয়নে ১৫৭টি গ্রামই ক্ষতিগ্রস্ত। ৬৪০৩টি পরিবার প্রায় ৪৩০৩০ জন জনসংখ্যা, মোট ফসলি জমি ২৬৫ হেক্টর। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ১৭১৬৪টি, হাঁস-মুরগি, গবাদিপশু ১৪৪৩টি। ৩টি আশ্রয় কেন্দ্রে ১২টি পরিবারের ৬১জন বসবাস করছে। বন্যার্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের জন্য ৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন- উপজেলার ৬টি ইউনিয়নের ৮০ ভাগ লোকই পানিবন্দি। বন্যার্তদের তুলনায় আমাদের এ পর্যন্ত যে সাহায্য এসেছে দুই দফায় ১৭টন চাল ও নগদ ২১ হাজার ৫শ’টাকা তা খুবই কম।

Share





Related News

Comments are Closed