Main Menu

সিলেটে ঈদ জামায়াত ২৫৪টি স্থানে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডসহ সবকটি থানার মোট ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘সিলেট সিটি করপোরেশন এলাকাসহ মহানগর পুলিশের আওতাধীন ৬ থানার ২৫৪ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে শাহী ঈদগাহের পর বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার মসজিদে। এই তিন এলাকাকে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে।’

তিনি আরো জানান, ‘প্রধান তিন ঈদ জামাতের স্থান ছাড়াও নগরীর বাকি ঈদগাহগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের বাহিরের ঈদ জামাতগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে’।

তিনি বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।’

রোববার চাঁদ দেখা গেলে সোমবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed