Main Menu

সিলেটে গাড়ি চাপায় কলেজ শিক্ষার্থী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজ হোস্টেলের সামনে গাড়ি চাপায় এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বালুচরে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বালুচর-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী জমির হোসেন জানান, সোমবার রাতে একটি দ্রুতগতির প্রাইভেট কার একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিবলিকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিবলি বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিবলি বালুচর এমসি কলেজের আবাসিক হোস্টেলে থাকেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানান, এই সড়কে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। শিক্ষার্থীসহ স্থানীয়দের বহুদিনের দাবি স্পিড ব্রেকার নির্মাণ ও অবৈধ গাড়ির স্ট্যান্ড সড়িয়ে নেওয়া। কিন্তু প্রশাসন অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের দাবী দাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করেন।
শিক্ষার্থী আহত ও প্রতিবাদে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনার পর বেলা ১টায় তারা অবরোধ তুলে নেয়।

Share





Related News

Comments are Closed