মওদুদের বাড়িটি নিয়ন্ত্রণে নিয়েছে রাজউক
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে অবস্থিত ১৫৯ নম্বর প্লটের বাসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এর আগে তার বাড়ির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আজ বুধবার বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু করে সংস্থাটি। ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়। রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘আদালতের রায় অনুযায়ী দুপুরের পর থেকে আমরা ওই বাড়িটিতে অভিযান শুরু করি। এরই মধ্যে বাসার পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।’
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত আছেন। অভিযানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন। অভিযান এখনো শেষ হয়নি, চলছে।
রাজউকের অভিযান পরিচালনা হওয়ার প্রতিবাদে গুলশানের বাসাটির ভেতরে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ
এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাজউকের লোকজন জোর করে ঢুকে গেছে। কোনও নোটিশ নাই। আদালতের আদেশ নাই। আর আমি ৬ জুন মঙ্গলবার প্রথম জজ আদালতে দেওয়ানি মামলা (নং ৫৬১/২০১৭) করেছি নিষেধাজ্ঞা পাওয়ার জন্য। যাতে করে আমাকে কোনও রকমের ডিস্টার্ব না করে তারা। আদালত তাদেরকে সমন ইস্যু করেছে। আগামী ১৯ জুলাই শুনানির জন্য তারিখ ধার্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশে আইন আছে নাকি। দেশে বিচার বলে কিছু নাই।’
উল্লেখ্য, প্রায় দেড় বিঘা জমির ওপর বানানো গুলশান-২-এর ১৫৯ নম্বর বাড়িটিতে প্রায় তিন যুগ ধরে আছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু এই বাড়ির মালিকানা এখন আর তার ভাই মনজুর আহমদের নামে থাকছে না। ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করতে হাইকোর্ট রায় দেন। ২০১৬ সালের ২ আগস্ট মনজুর আহমেদের নামে মিউটেশন করতে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। পরে তারা রিভিউ করলে তাও ৫ জুন রবিবার খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এর আগে বাড়িটি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed