Main Menu

রোববার থেকে স্বর্ণ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বর্ণ ব্যবসার জন্য সুনির্দিষ্ট আইন ও নীতিমালার দাবি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এ দাবিতে আগামী ১১ জুন থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকা দিয়েছে তারা।

আজ বুধবার বিকেল ৩টার দিকে এক বৈঠক শেষে কাকরাইলস্থ বাজুস কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান।

তিনি জানান, সম্প্রতি আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দা অধিদফতরের তল্লাশির পর দেশজুড়ে স্বর্ণব্যবসায়ীরা আতঙ্কে দিন পার করছে। তাদের অনেককে বিভিন্নভাবে হয়রানিও করা হচ্ছে। উদ্ভূত সমস্যা সমাধানে এবং শিগগির স্বর্ণব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে ১১ জুন রোববার থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

আগামী ১২ জুন বাণিজ্য ও অর্থমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান এনামুল হক খান। সেই সঙ্গে দাবি মেনে না নিলে আগামী ১৫ জুন ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্যরা।

এছাড়া আপন জুয়েলার্স থেকে জব্দকৃত স্বর্ণ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

Share





Related News

Comments are Closed