Main Menu

সিলেটে ১২ দফা দাবিতে বাসদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা সহ ১২ দফা দাবিতে সিলেট নগরীতে মিছিল সমাবেশ করেছে বাসদ। মিছিলের পূর্বে নগরীর সিটি পয়েন্টে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহŸায়ক উজ্জল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সুশান্ত সিনহা ও এ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব।
বক্তারা বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বঞ্চলের ৭টি জেলা সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা হাওর জেলা হিসেবে পরিচিত। বাংলাদেশের মোট আয়তনের প্রায় এক সপ্তমাংশজুড়ে বিস্তৃত ২১ লক্ষ হেক্টরের এই এলাকায় প্রায় ২ কোটি মানুষের বসবাস। উক্ত ২১ লক্ষ হেক্টরের মধ্যে অধিকতর নিচু প্রায় সাড়ে ৮ লক্ষ হেক্টর এলাকাই হাওর হিসেবে পরিচিত। হাওরের প্রকৃতির সাথে মিল রেখে এখানকার মানুষ কৃষি ব্যবস্থা গড়ে তুলেছে। এ বছর হাওরের জমিতে ৩০ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধানের চাষ করা হয়েছিল। প্রায় একমাস ব্যপৃত ঢলের পানিতে ৮০% তলিয়ে গেছে, একমাত্র ফসল বোরো ধানের উপর সম্পূর্ণ নির্ভরশীল ২৪ লক্ষ পরিবারের অন্তত ৯০ লক্ষ কৃষক, তাদের গবাদিপশু, সন্তান সন্ততিরা এক অবর্ণনীয় পরিস্থিতির মাঝে পড়েছে যার নজির নিকট অতীতে নেই। আশংকাজনকভাবে সুনামগঞ্জ জেলায় শিক্ষার্থীর ভর্তি হওয়া ও পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা কমেছে। নীরবে মানুষ এলাকা ছাড়ছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, ঋণের চাপ, হাওরে মাছ থাকলেও জলমহালের ইজারা প্রথার কারণে মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত। সব মিলিয়ে দূর্বিষহ পরিস্থিতি । সামনে ঈদ, সারাদেশের মানুষের ঈদ আনন্দের হলেও হাওরপাড়ের মানুষের কাছে আনন্দ আজ বিষাদময়। এরকম পরিস্থিতিতে হাওর অঞ্চলের সবহারা কৃষকের নিরানন্দময়, বিষাদগ্রস্থ জীবনের এবং প্রকৃতি ও মানবসৃষ্ট সংকটের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রামমুখর বেঁচে থাকার প্রচেষ্টায় রত।
বক্তারা আরো বলেন, নতুন করে গ্যাস-বিদ্যুতের যে মূল্যবৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে মোটা চালের দাম সবচেয়ে বেশি। আবার অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে জনগনের উপরই ব্যয়ের বোঝা বাড়বে।
সভায় সভার সভাপতি উজ্জল রায়, হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন। জুন মাসব্যাপী সিলেট বিভাগের ৪ জেলায় স্বাক্ষর সংগ্রহ, জুলাই মাসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং আগস্ট মাসে সিলেটে আঞ্চলিক হাওর কনভেনশনের ঘোষণা দেন।

Share





Related News

Comments are Closed