Main Menu

সিলেটে হকার উচ্ছেদে সিসিকের কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতের নির্দেশনার আলোকে সিলেট নগরের ফুটপাত দখলমুক্ত করতে একটি কমিটি গঠন করেছে সিসিক। সোমবার সকালে নগর ভবনে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় মেয়রকে আহবায়ক করে গঠিত এ কমিটিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি, এসএমপি কমিশনার প্রতিনিধি, বিআরটিএ, সিলেট জেলা বার প্রেসিডেন্ট, চেম্বার প্রেসিডেন্ট, প্রেসক্লাব সভাপতি এবং কয়েকজন কাউন্সিলরকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। তারা হকার উচ্ছেদ নিয়ে শিগগিরই রাজনৈতিক নেতৃৃবৃন্দের সাথে বৈঠকে বসবেন।
জনদুর্ভোগ বিবেচনা করে গত ২৫ মে বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো স্বপ্রণোদিত হয়ে ফুটপাতের দখলদার ও তাদের মদদদাতাদের সনাক্ত করার নির্দেশ দেন। সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদন বিবেচনায় নিয়ে এই নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, কারা কিভাবে অবৈধ ও বেআইনিভাবে দখলদারিত্ব বজায় রেখেছে তাদের এবং তাদের নেপথ্যে থাকা প্রভাবশালীদের নাম, ঠিকানা ও পরিচয় সনাক্তপূর্বক সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে সংশ্লিস্ট বিষয়ে উপযুক্ত তদন্ত করে আদালতে ৭ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়। তার তদন্তকাজে সক্রিয় সহযোগীতা করার জন্য কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অনুসরণ করে আইনী কার্যক্রম গৃহিত না হলে আদালতের নিকট প্রতীয়মান হবে যে সংশ্লিস্ট কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের সহযোগী।

Share





Related News

Comments are Closed