Main Menu

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রের হাতের রগ কর্তন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি : কোম্পানীগঞ্জে বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া এক ছাত্রের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএসজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা নিজাম (১৮) নামের ওই ছাত্রকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ডান হাতের কব্জির সব ক’টি রগ কেটে ফেলে। এসময় তার দুই ভাই সুমন (২৬) ও আইয়ুবকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। নিজাম স্থানীয় ভাটরাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের পিতা মোঃ নুরুল আমিন (৮২) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে বিজয়পাড়ুয়া গ্রামের বিল্লাল মিয়ার (৪৫) নেতৃত্ব ২০-২২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত একই গ্রামের মো. নুরুল আমিন (৮২) এর বাড়িতে আকস্মিক হামলা চালায়। তারা তার তিন ছেলে নিজাম, সুমন ও আইয়ুবকে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে খুর দিয়ে নিজামের ডান হাতের সব ক’টি রগ কেটে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন জানিয়েছেন, তিনি কোনো অভিযোগ পাননি। তবে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed