Main Menu

জৈন্তাপুরে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু ; তদন্ত কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর থানায় পুলিশ হেফাজতে আসামীর (মুক্তিযোদ্ধা সন্তান) মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন ও ঘটনার দিন রাতে দায়িত্ব পালনে নিয়োজিত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়নাতদন্ত শেষে শনিবার বাদ আছর নিহত নজরুল ইসলামের নামাযে জানাযা চিকনাগুল ইউনিয়নের কহাইগড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। স্ত্রী‘র দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হওয়া নজরুল ইসলাম পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ভাষ্য। কিন্তু নিহতের পরিবার ও এলাকাবাসী নজরুলের মৃত্যুর পিছনে পুলিশের গাফিলতিকে দায়ী করছেন।

জানা যায়, থানা হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে (সদর উত্তর) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার নূরুল আফসর খাঁন ও সিলেটের কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম।

এদিকে, থানা হাজত কক্ষে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলা নেতৃবৃন্দ সিলেট-তামাবিল-জাফলং মহাসড়ক অবরোধ করে ঘটনার সঠিক রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ৭২ ঘন্টার মধ্যে জৈন্তাপুর থানার অফিসার (ইনচার্জ) মো: সফিউল কবীরকে প্রত্যাহার করার দাবী জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed