Main Menu

খাগড়াছড়িতে বাবা-ছেলেকে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলার একটি বাড়িতে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন। হামলার পর থেকে ওই পরিবারের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- থলিপাড়ার চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও ছেলে কর্ণ ত্রিপুরা (৩০)। আর আহত হয়েছেন চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষ্মী (৪৫) ও কর্ণর স্ত্রী বিজলী (২৮)।

সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দেবতাপুকুর থলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমিজমা এবং ভোটের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ওই পরিবারের এক আহত সদস্য বিজলী বলেন, “সন্ধ্যার পর তারা পরিবারের সবাই মিলে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য কালিবন্ধু ত্রিপুরা ও ২০-৩০ জন লোক আমাদের ওপর অতর্কিতে হামলা করে। হামলার পর থেকে আমার ছেলে যুবরাজ ত্রিপুরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হামলাকারীরা বাড়িঘর ভাংচুরসহ লুটপাট করেছে।”

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, বাবা-ছেলের মাথা ও পায়ে গুলি করা হয়েছে। মাথায় গুলি করায় তাদের মৃত্যু হয়। আহত দুইজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বিজলীর অভিযোগ বিষয়ে ওসি হান্নান বলেন, “কালীবন্ধু ত্রিপুরার সঙ্গে চিরঞ্জিত ত্রিপুরার জমি নিয়ে বিরোধ ছিল। নির্বাচনী বিরোধ আছে বলেও স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।”

অতিরিক্ত পুলিশ রাত থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে বলে জানিয়েছেন ওসি হান্নান। তিনি বলেন, রাতেই পুলিশ সুপার আলী আহমদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কালিবন্ধুসহ হামলাকারীদের খুঁজছে।

Share





Related News

Comments are Closed