Main Menu

ভোলাগঞ্জের জিরো পয়েন্ট এলাকায় পাথর উত্তোলনে সতর্কীকরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জিরো পয়েন্ট, ধলাই নদীর উৎসমুখ ও তৎসংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাথর উত্তোলন না করার ব্যাপারে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার জিরো পয়েন্ট এলাকায় ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ সম্বলিত সাইনবোর্ড বসানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলাগঞ্জ জিরো পয়েন্ট, ধলাই নদীর উৎস্যমুখ ও তৎসংলগ্ন এলাকা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত একটি পর্যটন সম্ভাবনাময় স্থান। এটি রক্ষা করা সকলের দায়িত্ব। এ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনসহ এমন কোন কর্মকান্ড করা যাবে না, যাতে এর সৌন্দর্য হানি ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা প্রশাসনের সতর্কতামূলক নির্দেশনা না মেনে সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ ও পাথর উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, ভোলাগঞ্জ পর্যটন সম্ভাবনাময় একটি এলাকা। এখানে পর্যটনের জন্য অনেক কিছু করা যেতে পারে। এলাকাটি পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
ইউএনও জানান, একটি অসাধু চক্র জিরো পয়েন্টে বারকি নৌকা নোঙর করে কয়েক দফা পাথর উত্তোলনের চেষ্টা করেছে। তবে সেখানে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তৎপর থাকায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি পাথরখেকোদের কবল থেকে নান্দনিক সৌন্দর্যমন্ডিত এলাকাটি রক্ষায় সকল মহলের সহযোগিতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed