Main Menu

ঠাকুরগাঁ‌য়ের সরকা‌রি গাছ কেটে লুটপাট

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কচুবাড়ি বাজার এলাকায় রাস্তার পাশের গাছ কেটে হরিলুট চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের যোগসাজশে দুই সপ্তাহ ধরে শতাধিকের বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কচুবাড়ি বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কাদেরের নেতৃত্বে বাজারের পাশের সড়কের শতাধিক গাছ কাটা হচ্ছে। গাছ কাটার টাকার ভাগ ইউপি চেয়ারম্যানও নিচ্ছে। তাই প্রতিবাদ করতে গেলে হুমকির শিকার হতে হচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আউলিয়াপুর কচুবাড়ি এলাকার বাজারের পূর্ব পাশের ৮-৯টি ইউক্যালিপটাস গাছ কেটে নিচ্ছেন কয়েকজন শ্রমিক। এ সময় গাছ কাটা শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ওহাব ও শওকত গাছগুলো কিনে নিয়েছে তাদের নির্দেশে গাছ কর্তন করা হচ্ছে। গত সপ্তাহে শতাধিক গাছ কেটেছি আমরা।
গাছ ক্রয়কৃত ওহাব ও শওকত জানান, ইউনিয়ন পরিষদের জমিতে রাস্তার পাশে কচুবাড়ি এলাকার দিন মজুর জমির আলী গাছগুলো লাগিয়ে ছিলেন কয়েক বছর আগে। অভাবের কারণে চেয়ারম্যানের মৌখিক নির্দেশে ২০ হাজার টাকার বিনিময়ে ২৫টি গাছ আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আর বাকি গাছগুলো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কাদেরের নির্দেশে কাটা হচ্ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কাদের জানান, জমির আলীকে ২০ হাজার টাকা দিয়ে গাছগুলো নেওয়া হয়েছে। শতাধিক গাছ কর্তনের কথা জানতে চাইলে, গাছ ক্রয়কৃত ওহাবেব কাছে গাড়ির তেল খরচের টাকা নিয়ে যেতে বলেন তারা। পরে শহরে গিয়ে দেখা হবে।
জমির আলী জানান, আমি গাছগুলো লাগিয়ে ছিলাম। অভাবের কারণে চেয়ারম্যানের কাছে কয়েকটি কাটার অনুমতি চেয়েছিলাম। আমাকে আওয়ামী লীগের নেতারা ২০ হাজার টাকা এনে দিয়েছিল শুধু। এখন শুনতেছি শতাধিক গাছ বিক্রি হয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল জানান, জমির আলী রাস্তার ধার লিজ নিয়ে গাছ রোপণ করেছিল। কয়েকদিন আগে জমির আলী আমাকে রাস্তার পাশে হেলে পড়া দুটি গাছ কাটার কথা বলেছিল। আমি কাটার অনুমতি দিয়েছিলাম। কিন্তু শতাধিক গাছ কাটার বিষয়টি আমি অবগত নই। বন বিভাগের অনুমতি ও টেন্ডার ছাড়া রাস্তার গাছ কর্তন করা যাবে না বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed