চট্টগ্রামে পুলিশের মাথা ফাটাল ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢুকতে বাধা পেয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে সরকার সমর্থক ছাত্র ও যুবলীগের কর্মীরা।
আহত পরিদর্শক কীরণ বড়ুয়াকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত।
শুক্রবার দুপুরে নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের চার কর্মীকে আটক করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, দুপুর আড়াইটার দিকে নগরীর ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশের নিরাপত্তা বেষ্টনী এড়ানোর চেষ্টা করে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের ২৫ থেকে ৩০ জনের একটি দল।
“সকাল থেকে সবাই নিয়ম মেনে ডিসি হিলের মুক্তমঞ্চের অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিল। কিন্তু ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা নিরাপত্তা দরজা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
“বাধা পেয়ে তারা পুলিশের উপর হামলা করলে পরিদর্শক কিরণের মাথা ফেটে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে চার কর্মীকে আটক করে।”
আটক চারজন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
২০১৩ সালে রেলের ৪৮ লাখ টাকার একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন বাবর। সংঘর্ষকারীদের একপক্ষে ছিলেন তার অনুসারীরা।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed