Main Menu

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদেশগামী স্ত্রীকে বিদায় দেয়ার আগেই ছিনতাইকারীরা চিরবিদায় দিয়ে দিল নীলফামারীর যুবক আসাদুজ্জামান রিপনকে। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর জিন্দাবজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আসাদুজ্জামান রিপন (২৭) নীলফামারি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিপন তার বিদেশগামী স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে নীলফামারী থেকে সিলেট আসেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলী বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে রিক্সা যোগে মাজারের দিকে আসার পথে জিন্দাবাজার এলাকায় কয়েকজন ছিনতাইকারি তাদের রিক্সার গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারিদের ছুরির আঘাতে গুরুতর আহত হলে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানান মৃতদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed