Main Menu

সুরমা নদীর ভাঙ্গনে হুমকির মুখে রানাপিং উচ্চ বিদ্যালয়

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ থেকে : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনে হুমকীর মুখে পড়েছে। সম্প্রতি ভারী বর্ষণে নদী ভরে যাওয়ায় প্রতিষ্ঠানের পশ্চিমাংশের বড় অংশ নিচের দিকে ধাবিত হয়েছে। জরুরী ভিত্তিতে সুরমা ডাইক মেরামত করা না হলে পানি আশপাশ এলাকা প্লাবিত করে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় লোকজন বলছেন এ সীমানা প্রাচীরটি নদীগর্ভে চলে গেলে স্কুল ভবণ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিনে স্কুলটি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ আমিনুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের লোকজন। স্কুলের শিক্ষক ফরিদ উদ্দিন জানান, স্কুল পরিদর্শণ করে সীমানা প্রাচীর রক্ষায় কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে বিগত এক সপ্তাহে সুরমা নদীর চৌঘরী এলাকায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিমাংশে প্রায় ৩ শত ফুট জায়গা হঠাৎ নদীর নিচ দিকে ধাবিত হওয়ায় হুমকির মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বন্যা পরিপ্রেক্ষিতে নির্মিত সুরমা ডাইকের বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ভাঙ্গন বিদ্যালয়টির একেবারে গাঁ ঘেষে অবস্থান করছে। যে কোন সময় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিমাংশ বড় ধরনের ক্ষতির শিকার হতে পারে বলে আশংকা করা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কর্তৃপক্ষ যদি তড়িৎ গতিতে প্রতিষ্ঠানটি রক্ষায় ব্যবস্থা গ্রহণ না করেন তা হলে প্রতিষ্ঠানটির অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Share





Related News

Comments are Closed