Main Menu

জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কারাগারে বন্দী সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গি দেলওয়ার ওরফে রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুতি নিচ্ছে কারা কর্তৃপক্ষ।

রোববার দুপুরের পরে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে এসে রিপনের সঙ্গে সাক্ষাৎ করে যান তার চাচা আব্দুন নুর, চাচি আজিজুন্নেছা, চাচাতো বোন রুমেনা, ফুফাতো বোন লুৎফা বেগম ও ফুফাতো ভাই জাবির হোসেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া বলেন, ‘রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলেও ফাঁসি কার্যকরের ব্যাপারে এখনও কোনো নির্দেশনা পাইনি। এখন শুধু নির্দেশনার অপেক্ষায় আছি। ফের শেষবারের মতো দেখা করতে আসতে পারেন তার বাবা-মাসহ আরো আত্মীয়-স্বজনেরা।

তিনি জানান, রাষ্ট্রপতি জঙ্গি রিপনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। কিন্তু এ সংক্রান্ত কোনও কাগজপত্র এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর কারা বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেট জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০০৯ সালে আসামিরা আপিল করেন। প্রায় সাত বছর পর ২০১৬ বছরের ০৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ০৩ ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের সাজা বহাল রেখে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর ওই বছরের ১৪ জুলাই আপিল করেন আসামিরা। ২০১৬ সালের ০৭ ডিসেম্বর আসামিদের আবেদন খারিজ ও হাইকোর্টের দেয়া মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ। গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এর রায়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনও (রিভিউ) খারিজ করে দেন।

২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মুফতি আবদুল হান্নান এবং তার ২ সহযোগী শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। গতকাল শনিবার (৮ এপ্রিল) সেই সুযোগও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ খান।

৩ জঙ্গির মধ্যে বাকি দুজন বন্দি আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে।

Share





Related News

Comments are Closed