Main Menu

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ট্রলার ডুবির পাঁচ দিন পর নিখোঁজ ব্যবসায়ী হযরত আলীর লাশ শুক্রবার উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের রতনপুর গ্রামের মরম আলীর ছেলে। এ নিয়ে ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের লাশই উদ্ধার করা হল।
তাহিরপুর থানার এসআই (উপ-পরিদর্শক) তপন কুমার দাস জানান, টাঙ্গুয়ার হাওরের হাতিরঘাটা নামক জলমহাল থেকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাসমান অবস্থায় হযরত আলীর লাশ উদ্ধারকরা হয়। অপরদিকে হাতিরঘাটা থেকেই উপজেলার লাকমা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেনের লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার শিববাড়ির মেলায় মিষ্টির দোকান নিয়ে যাবার পথে ট্রলারে টাঙ্গুয়ার হাওর পাড়ি দেয়ার সময় গত ৩ এপ্রিল সোমবার রাতে ব্যববসায়ী, নারী শিশুসহ ৮ জন নিয়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা অন্যান্যরা সাতরিয়ে তীরে উঠলেও এক শিশু সহ অপর তিন ব্যবসায়ী নিখোঁজ হন। ঘটনার তিন দিনের মাথায় বুধবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বাগলী গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে ফজল মিয়া ও তার আড়াই বছরের শিশু সন্তান জুবায়েরের লাশ হাওর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, হাওরে ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ব্যবসায়ী হযরত আলীর লাশ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ চার জনের লাশই উদ্ধার করা হয়েছে। ইতিপুর্বে উদ্ধারকৃত লাশ গুলো শনাক্ত করণের পর তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হযরত আলীর লাশও তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed