Main Menu

আতিয়া মহলে পড়ে থাকা দুই জঙ্গির লাশ ওসমানী হাসপাতালে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইটে নিহত চার জঙ্গির মধ্যে দুই জঙ্গির লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের দুজনের শরীরে লাগানো ‘সুইসাইড ভেস্ট’ বিস্ফোরিত হয়ে যাওয়ায় কারো ফেইস (মুখ) চেনার মতো উপায় নেই। ফলে এ দুটো লাশের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র‌্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে দুপুর ১২টা থেকে আতিয়া মহলের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল এবং ডগ স্কোয়াড। এ সময় ভবনের নিচ তলা থেকে দুটি লাশের দেহাবশেষ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ভবনের ভেতরে অনেক ধ্বংসস্তুপ-ধ্বংসাবশেষ রয়েছে। ওই ধ্বংসস্তুপে কোন বিস্ফোরক রয়েছে কিনা তা চেক করতে হবে। প্রথম দিনে ওই ভবন থেকে কোন বিস্ফোরক উদ্ধার হয়নি। তাছাড়া ভবনের ভেতরে অনেক আইইডি থাকায় সতর্কতার সাথে অপারেশন পরিচালনা করতে হচ্ছে। ভবনটি পুরোপুরি বিস্ফোরকমুক্ত করে ক্লিয়ার করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সার্ভিস অর্গানাইজেশনসমূহ তাদেরকে সহযোগিতা করছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফের অভিযান শুরু হবে বলে জানান তিনি।
উদ্ধার অভিযানের টেকনিক্যাল সাইড তদারকি করছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ। প্রেস ব্রিফিংকালে তিনি ছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বাসুদেব বণিক, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল সকাল ৮টায় আতিয়া মহল পরিদর্শনে আসে র‌্যাবের বোম ডিসেপোজাল ইউনিট। দুপুর ১২টা থেকে ভবনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করে তারা। অভিযান চলাকালে ভবনের চারপাশে অবস্থান নেয় র‌্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ি পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
গত ২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট পরিচালনা করা হয়। অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এর মধ্য থেকে এক নারীসহ ২ জনের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে গত শনিবার বিকেলে নগরীর হযরত মানিক পীর (রঃ) কবরস্থানে দাফন করা হয়। বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো আছে এবং ভবনটিতে আরও তাজা বোমা থাকতে পারে এমন আশংকায় লাশ দুটি উদ্ধার করতে র‌্যাব’র বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় থাকতে হয়। অপারেশন শেষ হওয়ার ৬দিন পর সোমবার সকাল থেকে সেখানে লাশ উদ্ধার অভিযান শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed