Main Menu

‘আতিয়া মহল’ থেকে উদ্ধারকৃত দুই জঙ্গির লাশ দাফন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার আতিয়া মহলে নিহত দুই জঙ্গির লাশ দাফন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বেওয়ারিশ হিসেবে নগরীর হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
নিহত জঙ্গিদের একজন হচ্ছে মরজিনা বেগম ও অপরজন তার স্বামী কাওসার বলে ধারণা করছে পুলিশ। এই পরিচয়ে তারা সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার আতিয়া মহলে বাসা ভাড়া নিয়েছিল।
গত ২৪ মার্চ থেকে আতিয়া মহলে শুরু হয় জঙ্গি বিরোধী অভিযান। সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের অভিযানে আতিয়া মহলের নিচতলায় নিহত হয় এক নারীসহ চার জঙ্গী। গত ২৭ মার্চ সেখান থেকে মরজিনা ও আরেক পুরুষ জঙ্গির লাশ বের করে পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। এরপর থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে দুই জঙ্গির লাশ রাখা হয়। এর মধ্যে তাদের ময়নাতদন্ত ও ডিএনএ এর নমুনা সংগ্রহ করা হয় দুইজঙ্গির।
অপর দুই জঙ্গির লাশ এখনো আতিয়া মহলের ভেতরে রয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের অভিযানের পর লাশ দুইটি বের করে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর ৩ টা ৪০ মিনিটে প্রথম লাশ ও দ্বিতীয় লাশ ৩টা ৫০ মিনিটের দিকে মানিক পীরের টিলা কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মানিক পীরের টিলা কবরস্থানের তত্ত্বাবধায়ক হাজী শেখ মো. আহসান কবির ৩টা ৩৫ মিনিটে নিহত দুই জঙ্গির লাশের জানাযার নামাজ পড়ান। জানাযার নামাজে মোট ৫ জন মুসল্লি ছিলেন।
কবর খননকারী শ্রমিক ফটিক মিয়া, আইয়ুব আলী, কামাল মিয়া, মকবুল মিয়া নিহত দুই জঙ্গির লাশ কবরে দাফন করেন।
লাশ দুটি দাফনকারী মাওলানা শেখ মোহাম্মদ আহসান কবির জানিয়েছেন, পুলিশ দুটি লাশ দাফনের জন্য আমাদের কাছে হস্তান্তর করে। তারা জানিয়েছে, লাশগুলো দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ নিহত ২ জঙ্গির। তাদের একজন পুরুষ ও একজন নারী। আমরা লাশগুলো দাফন করেছি।

Share





Related News

Comments are Closed