Main Menu

ভুলে বিষ মিশিয়ে চা পানে ২ শিশুর মৃত্যু, চারজন অসুস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে চা পাতা না দিয়ে ভুলে দানাদার বিষ (কীটনাশক) মিশিয়ে চা তৈরি করে পান করায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও চারজন অসুস্থ হয়েছেন। রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার হরিহরপুর গ্রামের মইনুল হকের ছেলে সোহান (৭) ও মেয়ে সোহানা (২)। অসুস্থরা হলেন, জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫), সাদিয়া (৫)। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জামেলা (৫০) মেহমানদের আপ্যায়নের জন্য চা তৈরির সময় ভুল করে দানাদার বিষ দিয়ে চা তৈরি করেন। সেই চা পরিবারের ৬জন পান করেন। এ সময় তাৎক্ষনিক বিষক্রীয়ায় শিশু সোহান ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরো ৫জন। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানা (২) মারা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোহানার মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ জামিলা বেগম (৬০), সফুরা বেগম (৪০) তাঁর মেয়ে সাদিয়া (৫) ও সাবিনা বেগমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সফুরা ও সাদিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আবু মো. খয়রুল কবীর বলেন, বমি করার কারণে রোগীদের শ্বাসকষ্ট হচ্ছিল। বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে। এ ছাড়া রোগীদের পরিবার জানিয়েছে, তাঁরা দানাদার কীটনাশক ফুরাডান মিশ্রিত চা খাওয়ার পরেই এ অবস্থা হয়েছে।

ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। শত্রুতাক্রমে এমনটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

Share





Related News

Comments are Closed