Main Menu

পরিবহন ধর্মঘটে অচল সিলেট, দূর্ভোগে যাত্রীরা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের জের ধরে সিলেটে আজ শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জানান, সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা নগরীর চন্ডিপুলসহ বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছেন। তিনি জানান, পিকআপ চালকের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে পুলিশ শুক্রবার রাতে নগরীর উপশহর পয়েন্টে মাইক্রোবাস অফিসে হামলা চালায়। এতে তাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। কোতয়ালী থানার ওসি সোহেল আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলা ও ওসির প্রত্যাহার দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার বিষয়ে তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কোন যোগাযোগ করা হয়নি বলে জানান মঈনুল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন পরিবহন ধর্মঘট আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সুবহানীঘাট এলাকায় পিকআপ ভ্যানে (সিলেট-ন-১১-১৭৩৬) তল্লাশী চালিয়ে মদসহ তুরণ, লিটন নামের ২ শ্রমিককে আটক করে পুলিশ। এর জের ধরে রাত ৯টায় উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছে- সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মানিক মিয়া, গুরুতর আহত মোশাহিদ আলী, মকবুল হোসন বাদল, সুলতান আহমদ, জামাল আহমদ, কামাল আহমদ, খালেদ, আলম, ফলিক, সোহাগ, সফিনুরসহ ১৫ জন।
খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এ নিয়ে দু’পক্ষের সাথে কথা বলেন। এক পর্যায়ে রাতে তারা অবরোধ তুলে নেয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী থানার ওসির অপসারণ দাবিতে শ্রমিকরা ফের সড়ক অবরোধের সৃষ্টি করে এবং শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেন। তারা কতোয়ালী থানার ওসি সোহেল আহমদকে প্রত্যাহার ও আটক শ্রমিকদের মুক্তি না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code