Main Menu

সিলেট ডিসি অফিসের ঘটনায় দুদকের জিডি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উৎকোচ’ আদায়ের ঘটনায় একজনকে আটক করা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দুদকের পক্ষে সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুদক চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে মামলা করা হবে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দুদক সিলেট অফিসের ৫ কর্মকর্তা ও ৪ জন পুলিশ সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানকে আটক করতে যান। অভিযানে নেতৃত্ব দেন-দুদকের পরিচালক শিরিন পারভীন। তাদের কাছে তথ্য ছিল ওই কর্মচারীর কাছে ঘুষের টাকা রয়েছে। নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা, পায়েল এন্টার প্রাইজের মালিক অকিল চন্দ্র সূত্র ধরের অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম তাকে ধরতে যায়। তারা জেলা কালেক্টরেটের ৩০৭ নম্বর রুম থেকে তাকে আটক করে নিচে নামার সময় ৪র্থ শ্রেণীর কর্মচারীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। এসময় দুদক কর্মকর্তা ও পুলিশের সাথে বাকবিতন্ডাতে জড়িয়ে পড়েন কর্মচারীরা। এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় কর্মচারীরা। এ সময় তারা জেলা প্রশাসকের অনুমতিসাপেক্ষে তাকে আটকের দাবি জানান। পরে জেলা প্রশাসক কার্যালয়ে দুদক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসন ও কর্মচারীদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ে দুদকের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে দুদকের বিরুদ্ধে স্লোগান দেয় কর্মচারীরা। সন্ধ্যা ৬টার দিকে বৈঠক চলাকালে অফিস সহকারী আজিজুর রহমান (৫০) অসুস্থ হয়ে জেলা প্রশাসকের রুমে সবার সামনে মাটিতে পড়ে যান। এক পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সময় জেলা প্রশাসকের প্রধান গেইট ও নিচের গেইট বন্ধ করে দেয় কর্মচারীরা।
এদিকে, কর্মচারীদের সাথে হাতাহাতিতে দুদকের উপ-সহকারী পরিচালক রঞ্জিত কর্মকার ও কনস্টেবল মিসবাহ উদ্দিন আহমদ চৌধুরীও আহত হন। এদিকে, জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে পুলিশের সহায়তায় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন জানান, দুদকের একটি টিম বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যায়ের অভিযানে এলে দু’পক্ষের মধ্যে বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ দুদক কর্মকর্তাদের উদ্ধার করে। এরপর দুদক কর্মকর্তারা থানায় যান।

Share





Related News

Comments are Closed