Main Menu

সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় দুদক কর্মকর্তা আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় মেছবাহ উদ্দিন নামের দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগে এক কর্মচারীকে আটকের সময় তার সহকর্মীরা সংঘবদ্ধ হয়ে দুদক কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আজিজুর রহমানকে আটক করতে যান দুদক কর্মকর্তারা। তখন অন্যান্য কর্মচারিদের সাথে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুদক কর্মকর্তাদের কাছ থেকে আটক আজিজুরকে ছিনিয়েও নেন। এসময় মেছবাহ উদ্দিনের মাথায় আঘাত লেগে আহত হন।
পরে কর্মচারিরা তাদের জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলার ফটক বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখেন। ঘটনার সমাধানে দুদক কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসনের ও কর্মচারিদের রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে জানা গেছে।
দুদক কর্মকর্তাদের দাবি তাদের কাছে আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ রয়েছে। তার কাছে ঘুষের টাকাও পাওয়া গেছে। তবে কর্মচারিরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা আন্দোলন করছেন।

Share





Related News

Comments are Closed