Main Menu

সুরঞ্জিত সেন গুপ্ত আর নেই, সোমবার দিরাইয়ে শেষকৃত্য

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সংসদ সদস্য ও সিলেটের কৃতি সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। আজ রোববার (৫ জানুয়ারী) ভোর রাত ৪টা ১০ মিনিটে ল্যাব এইড হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সুরঞ্জিত সেন গুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক।

সত্তরোর্ধ্ব সুরঞ্জিত রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন।
শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

গত বছর মে মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরঞ্জিত। পরে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি।
সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।

ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থি এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থি আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন।
তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে সে সময় তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা।

সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন তিনি।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য।

এমপি সুরঞ্জিত সেন গুপ্ত’র মরদেহ সোমবার সিলেটে আনা হবে। সোমবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে তাকে সিলেটে আনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রোববার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সোমবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সুরঞ্জিত সেন গুপ্তকে সিলেটে আনা হবে। এরপর সকাল ১১টায় সুনামগঞ্জ, বেলা ১টায় শাল্লা এবং বেলা তিনটায় দিরাইয়ে আনা হবে।
এর আগে আজ রোববার সকাল ৯টায় তার লাশ ঝিগাতলাস্থ বাসায়, ১২টায় ঢাকেশ্বরী মন্দির, ৩টায় জাতীয় সংসদ ভবনে।
ওবায়দুল কাদের জানান, প্রয়াতের অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে দিরাইয়ে সৎকার করা হবে। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যের ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করা হয়েছে।

এদিকে, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টম-লীর সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ভূমি মন্ত্রী আজ এক শোক বাণীতে বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। প্রবীণ বিজ্ঞ এ নেতার কর্মজীবন ও ত্যাগ বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed