Main Menu

বিশ্বনাথে আ.লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্চিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কর্তৃক আবুল বাহার নামে এক শিক্ষক লাঞ্চিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম হচ্ছেন উপজেলার বিশঘর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র। লাঞ্চিত হওয়ার ঘটনায় শিক্ষক আবুল বাহার বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে পৃথক স্মারকলিপি দিয়েছেন। অভিযোগপত্রে তাকে পেটানোর পর জোরপূর্বক পদত্যাগপত্রে ওই প্রভাবশালী নেতা স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, ২০১৪ সালের ৯ ডিসেম্বর ওই বিদ্যালয়ে লাইব্রেরীয়ান পদে যোগদান করেন আবুল বাহার। শিক্ষক সংকটের কারণে বর্তমানে তিনি সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার বিকেলে লাইব্রেরীতে বই রাখা নিয়ে প্রধান শিক্ষক ফারুক ইকবাল ও সহকারী শিক্ষক আবুল বাহারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক’র উপর হামলা চালান আবুল বাহার। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এখবর পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষক আবুল বাহারকে লাঞ্চিত করেন।
এব্যাপারে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বলেন, ওই শিক্ষক প্রধান শিক্ষককে মারধর করেছেন শুনে আমরা বিদ্যালয়ে যাই। সেখানে গিয়ে তাদেরকে থামানোর চেষ্ঠা করি। আমি তাকে (আবুল বাহার) কোন মারধর করিনি। পদত্যাগপত্রের ব্যাপারে তিনি বলেন- আবুল বাহার নিজের ইচ্ছায় ও নিজ হাতেই পদত্যাগপত্র লিখে জমা দিয়েছেন। জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ সত্য নয়।
স্মারকলিপি পাওয়ার সত্যাতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed