Main Menu

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা ডাকাতদলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছেড়া সেতু এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মশিউর রহমান (২৮) তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ও বিজয় চন্দ্রের (৩১) বাড়ি রংপুর সদরের বুড়িরহাট এলাকায়।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত মহাসড়কের লেংটি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ওই মহাসড়কে টহল পুলিশকে আসতে দেখে ডাকাতরা পালাতে চেষ্টা করে। পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওই মর্গে রাখা হয়েছে। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed