Main Menu

বালাগঞ্জে আ.লীগ নেতার হামলায় সরকারি কর্মকর্তা আহত

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে আওয়ামীলীগ নেতার হামলায় অাহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। বুধবার উপজেলা সমবায় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত সরকারি কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় হামলার শিকার উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিনকে অভিযুক্ত করে বুধবার বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম তালুকদার অভিযোগের বিষয়ে নিশ্চিত করে বলেন, এবিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা সমবায় কর্মকর্তা ছাদেক মিয়া জানান, মনোহরপুর-বাবরকপুর সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির কার্যক্রম পরিচালনায় অনিয়মের অভিযোগ এনে সমিতির কিছু সংখ্যক সদস্য সমবায় অফিসে একটি লিখিত আবেদন দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিষয়টির তদন্তকালে উভয় পক্ষ উপজেলা সমবায় কার্যালয়ে উপস্থিত হন। সমবায় কর্মকর্তার সাথে তদন্ত সহকারী ছিলেন আতাউর রহমান। তদন্তকালে সমিতির সভাপতি জিয়া উদ্দিন ও সমবায় কার্যালয়ের পরিদর্শক আতাউর রহমান বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তখন সমিতির সভাপতি উত্তেজিত হয়ে পরিদর্শক আতাউর রহমানের উপর হামলা করেন।

আহত আতাউর রহমান বলেন, মনোহরপুর-বাবরবপুর সমবায় সমিতির সভাপতি জিয়া উদ্দিন আমাকে মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছেন। নাক ও হাতে মারাত্মক ভাবে জখম হয়েছেন বলে তিনি জানান।

মনোহরপুর-বাবরকপুর সমবায় সমবায় সমিতির সভাপতি অভিযুক্ত জিয়া উদ্দিন বলেন, এই ঘটনায় আমি খুবই অনুতপ্ত। অফিসের ভিতরে আমার এমন আচরন করা সঠিক হয়নি। তিনি উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার সমিতির সদস্যদের উস্কানী দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। অফিসে থাকা আমার ফাইল পত্র তিনি লুকিয়ে রেখেছেন। তদন্তকালে এগুলো চাইলে তিনি আমার সাথে খারাপ আচরন করেন।

এদিকে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা নন গেজেটেট চাকরীজিবী ক্লাব ও বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ বালাগঞ্জ উপজেলার শাখার পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed