Main Menu

কমলগঞ্জে যুবককে হাত পা বেঁধে নদীতে ফেলার চেষ্টা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন গ্রাম এলাকায় এক যুবকের হাত পা বেঁধে ধলাই নদীতে ফেলতে গেলে গ্রামবাসীর ধাওয়ায় যুবককে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় দক্ষিণ কুমড়াকাপন গ্রামের ধলাই প্রতিরক্ষা বাঁধে যুবককে হাত পা বেঁধে নদীতে ফেলার চেষ্টার এ ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় কতিপয় দুর্বৃত্ত কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামের আকল মিয়ার ছেলে রুবেল মিয়াকে (২০) ধরে হাত পা বেধে দক্ষিণ কুমড়াকাপন গ্রামের ধলাই প্রতিরক্ষা বাঁধ এলাকায় ধলাই নদীতে ফেলে দিয়ে যাচ্ছিল। এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হাত পা বাঁধা অবস্থায় রুবেলকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রুবেলকে উদ্ধার করে রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (সিনিয়র) আল মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রুবেলকে দেখে তার বক্তব্যও গ্রহন করেছেন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন রুবেলকে হাত পা বেঁধে নদীতে ফেলার স্থানটি কমলগঞ্জ থানার এক হাজার ফুটের মধ্যে। এ ঘটনায় সাধারন মানুষজন এখন আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।
রুবেল মিয়া এ প্রতিনিধিকে বলেন, ঘটনার সাথে ৬ থেকে ৭ জন জড়িত ছিল। এর মাঝে তিনি ৪ জনকে চিনতে পেরেছেন। তাদের নামে অভিযোগ দিয়েছেন। তারা সবাই আশপাশ এলাকার বাসিন্দা।
কমলগঞ্জ থানার সিনিয়র উপ পরিদর্শক আল মামুন পৌর এলাকার ধলাই প্রতিরক্ষা বাঁধে এক ব্যক্তিকে হাত পা বেধে নদীতে ফেলার বিষয় ও অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনও মামলা হয়নি। তবে পুলিশি তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed