Main Menu

নবীগঞ্জে ইমাম ও বাওয়ানী চা বাগানে শ্রমিকদের ধর্মঘট চলছে

নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানে বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। তাদের বকেয়া বেতন ভাতা না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
সরেজমিনে গিয়ে শ্রমিকদের সাথে আলাপকালে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে চার শত শ্রমিকের এরিয়া বিলসহ বেতনের প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ মহা পরিচালক বরাবরে বিগত ১০ অক্টোবর আবেদন করে শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর উক্ত বকেয়া বিল পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
বুধবার ২য় দিনের মতো ধর্মঘট পালিত হয়। ফলে কোম্পানীর প্রতি দিন ক্ষতি হচ্ছে কয়েক লক্ষাধিক টাকা। অধিকার আদায়ের দাবীতে ধর্মঘটে যাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন চা শ্রমিকরা।
এ রির্পোট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা তাদের খোঁজখবর নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন চা- শ্রমিকরা।
ইমাম চা বাগানের সভাপতি নির্মল রবি দাশ ও বাওয়ানী চা বাগানের শ্রমিক সমিতির সভাপতি স্বাধন মালাকার জানান, কোম্পানীর কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে আমাদের বকেয়া বেতন-ভাতা নিয়ে টালবাহানা শুরু করেছে। ঘর বাড়ি মেরামত করে দেয়ার কথা থাকলে কিছুই হচ্ছে না। আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। তাই আজ বাধ্য হয়ে আন্দোলনের পথ বেচে নিয়েছি। দাবী না মানলে ঘরে ফিরবো না।
এ ব্যাপারে টিলা বাবু আব্দুল জলিল তালুকদার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পাওনা রয়েছে বলে স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেন। বুধবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী শ্রমিকদের ধর্মঘটের খবর পেয়ে চা বাগানে যাওয়ার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed