Main Menu

এমপি বদির তিন বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস জেল দিয়েছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।
তার বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ বুধবার। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

গত ১৯ অক্টোবর এই মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মামলার রায় ঘোষণার জন্য ২ নভেম্বর তারিখ ধার্য করেন।

সাংসদ বদির বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়েছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ কেনা দেখিয়ে এক কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। গত বছরের ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

Share





Related News

Comments are Closed