Main Menu

ছাতকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মাল লুট

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বুকে পিস্তল ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কাজের মেয়ে সহ দুই নারী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী লাল মিয়ার বাড়িতে সোমবার দিবাগত গভীর রাতে ৫-৭ জনের একটি স্বশস্ত্র ডাকাতদল লোহার কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালঙ্কার, বিদেশী মালামাল, ও নগদ ৮০ হাজার টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় ডাকাতদের রামদার আঘাতে গুরুতর আহত লেবানন প্রবাসী সুমন মিয়ার স্ত্রী হেনা আক্তার (২৬), কাজের বুয়া আলকু বেগম (১৮) আহত হন। গুরুতর আহত হেনাকে মঙ্গলবার সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসী লাল মিয়ার পুত্র মামুন মিয়া জানান, ঘরের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে ঘরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরিবারের সদস্যদের বুকে পিস্তল ঠেকিয়ে মূল্যবান কাপড়-চোপড়, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। প্রাণ রক্ষায় ডাকাতদের প্রতিরোধে কোন রকম চেষ্টা না করা সত্বেও পরিবারের দুই নারী সদস্যকে কুপিয়ে আহত করা ছাড়াও অন্যান্যদের মারধর করে। পুলিশ মঙ্গলবার প্রবাসীর বাড়ি পরির্দশন করেছে।
ছাতক থানার ওসি মো. আশেক সুজা মামুন মঙ্গলবার রাতে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ডাকাতির ঘটনার সত্যতা পেয়েছে। পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed