Main Menu

এরশাদকে সিলেটে রেখেই ঢাকা ফিরে গেলেন রওশন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টি ছাড়া অন্য কোন দলের সরকার দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী ও দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বিশেষ একটি মুহুর্তে, বিশেষ একটি সময়ে জাতীয় পার্টির জন্ম হয়েছিল। এখন দেশের জনগণের প্রয়োজনে আবারও জাতীয় পার্টি জেগেছে।
শনিবার (০১ অক্টোবর) বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নই এরশাদ সরকারের আমলে হয়েছিলো। ওই সময়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের উন্নয়ন করা হয়েছে। উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে।
কিন্তু পরবর্তী সময়ে আসা সরকারগুলো এরশাদের করে যাওয়া উন্নয়ন বন্ধ করে দেয়। এতে প্রমাণ হয়; জাতীয় পার্টি ছাড়া অন্য কোন সরকার দেশের উন্নয়ন চায় না। তাই দেশের জণগণের উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে বিকেল সাড়ে ৩টার পর নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ জনসভায় দলীয় চেয়ারম্যান এরশাদসহ কেন্দ্র থেকে আসা নেতৃবৃন্দদের সাথে জনসভাস্থলে আসেন তিনি (রওশন) ।
শনিবার বেলা সোয়া দুইটার দিকে জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ জনসভা শুরু হয়।

এদিকে, ঢাকায় জরুরী কাজের কারণে চারটার দিকে বক্তব্য দিয়েই সিলেট ত্যাগ করেছেন রওশন। বিকেল ৪টা ৩৫ মিনিটে একটি হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় তার সাথে ছিলেন- সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ব্যক্তিগত সহকারী মামুনুর রশীদ, দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, সহকারী মুসলেম।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমানে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সিলেটে পৌঁছেই নেতৃবৃন্দকে সাথে নিয়ে হযরত শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

Share





Related News

Comments are Closed