Main Menu

সিলেট থেকে নিখোঁজ কিশোর গাইবান্ধায় উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ থেকে নিখোঁজ এক কিশোরকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোর রায়হান আহমদ (১৩) বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মকবুল মিয়ার পুত্র।
গত ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট নগরীর মেজরটিলায় তার ফুফাতো বোনের বাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন বেড়াতে বেরিয়ে যাওয়ার পর রায়হানকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি তার। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর বালাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে সংবাদ পাওয়া যায় রায়হান আহমদ গাইবান্ধা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। সংবাদ পেয়ে রায়হানের মা জেসমিন বেগম স্বজনদের নিয়ে গাইবান্ধা সদর থানায় ছুটে যান। সেখান থেকে তারা রায়হানকে সনাক্ত করে ১৮ সেপ্টেম্বর রোববার বাড়িতে নিয়ে আসেন। হারানো পুত্রকে ফিরে পেয়ে মা জেসমিন বেগম সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে, ঘটনার বিষয়ে রায়হান আহমদ জানিয়েছে, বালাগঞ্জ থেকে সিলেট নগরীর মেজরটিলা যাওয়ার পথে দক্ষিন সুরমার ভার্থখলায় সমবয়সী এক ছেলের সাথে তার কথা হয়। এরপর উদ্ধারের আগে পর্যন্ত সে কিছুই স্মরণ করতে পারছে না।
একই বিষয়ে গাইবান্ধার স্থানীয় টেঙ্গরজানি গ্রামের মৃত ফরিদুল হক সরকারের ছেলে রুবেল সরকার জানান, ট্রেনে পানি বিক্রেতা এক ছেলের সাথে ‘সিলেটী ভাষা’য় রায়হানকে কথা বলতে শুনে তাদের সন্দেহ হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে থাকা ছেলেটি পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রায়হানকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার এসআই সানজিদা আক্তার জানান, স্থানীয় লোকের সহায়তায় রায়হান আহমদকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদকালে সে তার নাম-ঠিকানা জানালে বালাগঞ্জ থানায় যোগাযোগ করা হয়। এ বিষয়ে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। কিশোরটি পাচারকারীদের কবলে পড়েছিল কিনা এ বিষয়ে তদন্ত করা হবে।

Share





Related News

Comments are Closed