সিসিকের ক্লিন সিটি গড়ার উদ্যোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিলেট নগরীতে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। সিলেটকে ‘ক্লিন সিটি’ হিসাবে গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য।
সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানিয়েছেন, এরই মধ্যে ডাস্টবিন স্থাপনের কাজ শুরু হয়েছে। কয়েকটি পয়েন্টে ডাস্টবিন স্থাপনও হয়ে গেছে। পুরো নগরীতে ডাস্টবিন স্থাপন করতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।
সিসিক সূত্র জানায়, নগরী থেকে প্রতিদিন প্রায় ২শ’ ৫০ মেট্রিক টন বর্জ অপসারণ করেন। বিপুল এই বর্জ্য নগরীর পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোঁরা, ক্লিনিক ও হাসপাতাল থেকে সংগ্রহ করে নগরীর কয়েকটি ডাম্পিং পয়েন্টে রাখা হয়। এর বাইরেও নগরীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার দৃশ্য চোখে পড়ে। এমনকি প্রধান সড়কেও অনেক সময় আবর্জনায় স্তুপ পরিলক্ষিত হয়। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে প্রায়ই দুর্গন্ধের সৃষ্টি হয়। কিছু কিছু এলাকায় নগরবাসীকে মুখে রুমাল চেপে চলাচল করতে হয়। এ অবস্থায় নগরীর ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে ডাস্টবিন স্থাপনের পদক্ষেপ নেয় সিলেট সিটি কর্পোরেশন।
জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও মিউনিসিপ্যাল গভর্ণেন্স সার্ভিসেস প্রজেক্ট (এম.জি.এস.পি) এর আওতায় ক্লীন সিটি গড়ার প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্যে হলুদ ও নীল রং এর ২শ’ প্লাস্টিকের ডাস্টবিন বানানো হয়েছে। ‘আপনার শহর পরিষ্কার রাখুন, আমাকে ব্যবহার করুন’ এমন শব্দ লেখা রয়েছে ডাস্টবিনে। কর্পোরেশনের লোগোসহ নামও রয়েছে ডাস্টবিনের চারদিকে। প্লাস্টিকের তৈরি এ সকল ডাস্টবিন তৈরিতে ব্যয় করা হয়েছে প্রায় ৯ লাখ টাকা। ডাস্টবিনের নীচের দিকে চাকা থাকায় এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। চুরি রোধে ডাস্টবিনগুলো স্থাপনের সময় চেইন দিয়ে তালাবদ্ধ করে দেয়া হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোরাঁর সম্মুখভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে এই ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। স্থান-নির্ধারণের পর ডাস্টবিনগুলো স্থাপনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে নগরীর জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার, রিকাবীবাজার, চৌহাট্টা ও হাওয়াপাড়া এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো নগরীতে ডাস্টবিন স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
সংশিষ্ট সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াও সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে মাস দুয়েক আগে নগরীতে ২৫ টি ডাস্টবিন স্থাপন করা হয়। স্টীলের তৈরি এই ডাস্টবিন নগরীবাসীর নজর কাড়ে। পরবর্তীতে স্টীলের তৈরি আরো ২৫ টি ডাস্টবিন স্থাপন করবে সিটি কর্পোরেশন। মূলত সিলেট নগরীকে ক্লীন সিটি হিসেবে গড়ে তোলার জন্যই এ সকল ডাস্টবিন স্থাপনের উদ্যোগ বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব ক্লীন সিটি গড়তে নির্ধারিত ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার জন্যে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি এ ব্যাপারে অভ্যস্ত হতে নগরবাসীর কিছুটা সময় লাগবে। এ ব্যাপারে কর্পোরেশনের পক্ষ থেকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনারও পরিকল্পনা রয়েছে বলে জানান এনামুল হাবীব।
এদিকে, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব শুক্রবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত ডাস্টবিনগুলো ঘুরে দেখেন। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমজাদ হোসেন আবজাদ এবং কর্পোরেশনের চিফ কনজারভেন্সি অফিসার হানিফুর রহমান উপস্থিত ছিলেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed