দেশের বিভিন্ন স্থানে ঈদুল আযহা উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় সোমবার ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর, পটুয়াখালী ও দিনাজপুর জেলার ৭২টি গ্রামের লোকজন সোমবার ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানির ঈদ পালন করছে।
চাঁদপুর : গত ৮৭ বছর ধরে চাঁদপুরের ৩০ গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর জানান, একই মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।
চাঁদপুরের প্রধান ঈদের জামাত হাজীগঞ্জের সাদ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রধান জামাত পরিচালনা করেন মাওলানা আরিফ চৌধুরী।
চাঁদপুরের যেসব গ্রামগুলোতে আগাম ঈদ উদযাপন হচ্ছে তার মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলঁচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনগাঁও, বাশারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোল্লা, হাঁসা ও চরদুখিয়া। মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।
পটুয়াখালী : সৌদি আরব ও পবিত্র হজের সঙ্গে সংগতি রেখে সোমবার জেলার ২৭টি গ্রামে ঈদ উল আজহা পালিত হচ্ছে।
জেলার গলাচিপা ওরাংগাবালী উপজেলার ১৩টি, মির্জাগঞ্জ উপজেলার ২টি, কলাপাড়া উপজেলার ৮টি, বাউফল উপজেলার ২টি এবং সদর উপজেলার ২টি গ্রামের কয়েক’শ পরিবার ঈদ উল আজহা পালন করছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের পেশ ইমাম মাওলানা মো. সফিকুল ইসলাম। বদরপুর দরবার শরীফসহ ২৭টি স্থানে সোমবার সকাল ১০টায় ঈদ উল আজহার নামাজ শেষে পশু কোরবানি হবে বলে তিনি জানান।
দিনাজপুর : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরামপুর, কাহারোল ও বিরল উপজেলায় ১৫ গ্রামে ঈদ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টার সময় দিনাজপুর ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান।
নামাজে উপস্থিত আশিক বলেন, দীর্ঘদিন থেকে সৌদি আরবের সাথে মিল রেখে এখানে নামাজ পড়ে আসছি। আমরা খুব আনন্দিত যে আমরা আরবের সাথে মিল রেখে নামাজ পড়ছি।
আরেক নামাজি শরিফুল বলেন, আমি আমার ছেলেকে নিয়ে এখানে নামাজ পড়তে এসেছি। আমি সৌদি আরবের হজ পালনকারীদের সাথে নামাজ পড়ছি এর চেয়ে আর বড় পাওয়া কি আছে।
লক্ষ্মীপুর : রামগঞ্জ উপজেলার নুরানী মাদ্রাসা মাঠে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ।
চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করছেন।
এছাড়া বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামের কিছু মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।
মৌলভীবাজার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহা উদযাপন করছে শতাধিক পরিবার।
সোমবার (১২ সেপ্টেম্বর) তারা ঈদুল আজহা উদযাপন করছেন।
ঈদ উপলক্ষ্যে সকাল ৮টার দিকে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তার বাসার ছাদে ঈদের নামাজ আদায় করেন এসব পরিবারের লোকজন। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলের কিছু পরিবার পৃথকভাবে ঈদ উদযাপন করছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed