ভাগনি ধর্ষণের ঘটনায় মামার বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: আপন ভাগনির সম্ভ্রম কেড়ে নেওয়ার অপরাধে অবশেষে সেই মামা ও মামার শ্যালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার ৬দিন পর গত শুক্রবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ মামলা রেকর্ড করেন (নম্বর-০৯/২৬৫)।
মামলার আসামি নিজাম আহমদ (৩০) দক্ষিণ সুরমার লালাবাজারের নওয়াগাঁও গ্রামের রফিক আলীর ছেলে। বর্তমানে সে নগরীর শেখঘাট নবাবরোডের ৩৯৯ নম্বর জিতু মঞ্জিলে বসবাস করছে। অপর আসামি নিজাম আহমদের শ্যালক ছালেক আহমদ (২৬) শেখঘাট কানিশাইলের সেজু মিয়ার পুত্র।
উল্লেখ্য, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর আপন মামা নিজাম আহমদ ও তার শ্যালক ছালেক আহমদের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে ধর্ষণের শিকার ওই কিশোরী। এর আগের দিন মেয়েটিকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। ওইদিনই মেয়ের মায়ের মাধ্যমে ওসিসির দায়িত্বরত কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য কোতোয়ালি থানাকে লিখিত অনুরোধ জানান। কিন্তু কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত কারণে ওই কিশোরীর অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করেনি।
মেয়েটি জানায়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে সংসারে অভাবের কারণে সে আর এগোতে পারেনি। তার বাবা ভিটেমাটিহীন; তাই মামার বাড়িতেই তাদের বসতি ছিল। মেয়ের মামা গেইট গ্রিলের ওয়ার্কশপে কাজ করেন। থাকেন নগরের শেখঘাট নবাব রোডের ৩৯৯ নম্বর জিতু মঞ্জিলে। মামা নিজাম আহমদ ওই বাসার কেয়ারটেকার। জিতু মঞ্জিলের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করায় তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসায় বসবাস করেন। বছর খানেক আগে মেয়েটির মা তথা বড়বোনকে বলে নিজের সংসারের কাজকর্ম ও দুই শিশুকে দেখাশোনা করার জন্য ভাগনিকে (মেয়েটিকে) নবাব রোডের ৩৯৯ নম্বর জিতু মঞ্জিলে নিয়ে আসে। মামার বাসায় ভালোই দিন কাটছিল ভাগনির। মামা নিজাম আহমদের বাসায় নিয়মিতই আসতেন তার শ্যালক সালেক আহমদ। কিন্তু মেয়েটি জানত না এক সময় মামা আর মামার শ্যালকের কুনজরের বলি হবে সে। মেয়েটির অভিযোগ, সে তার আপন মামা ও মামার শ্যালকের হাতে ১৫ দিনে ৬ বার ধর্ষণের শিকার হয়েছে। পরে মেয়েটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়।
পাশবিকতার শিকার মেয়ের মা বলেন, ঘটনার পর মেয়েকে তাঁর কাছে আনার পর ভাই নিজাম আহমদ লোক মারফত ২ লাখ টাকা মেয়ের বিয়ের জন্য দেবেন বলে প্রস্তাব করেন। তিনি মেয়ের সম্ভ্রমহানির বিচার পেতে ভাই নিজাম আহমদ ও তার শ্যালক ছালেক আহমদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed