Main Menu

ছাতকে স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

কামরুল হাসান সবুজ, ছাতক প্রতিনিধি: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’টি বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রোববার দুপুর ১টায় উপজেলার জলালপুর ও কটালপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কলেজ ছাত্র তোফায়েল আহমদ, স্কুল ছাত্র জসিম উদ্দিন, ইমন আহমদ ও সাব্বির আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন পর্যন্ত জঙ্গীবাদ ও নাশকতা বিরোধী বিশাল মানববন্ধনে অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীরা বাড়ী ফেরার পথে দোলারবাজার ইউপির পীরপুর শুকুরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে মঈনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বাকবিতন্ডার হয়। এরই জের ধরে জালালপুর নামক স্থানে পৌছামাত্র দু’টি বিদ্যালয়ের ছাত্ররা ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাংচুর করা হয় যাত্রীবাহী কয়েকটি গাড়ী। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত ৪৫ জনকে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম জানান, দু’টি বিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার বিষয়টি নিস্পত্তির চেষ্টা চলছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জালালপুর সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed