Main Menu

ডা: ফাহমিসহ ৪ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে র‌্যাব-৯ এর অভিযানে ৩টি চোরাই গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। র‌্যাব-৯ এর পক্ষে গোলাম দস্তগীর বাদী হয়ে মঙ্গলবার কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ডাঃ ফাহমি ইকবাল রাব্বীকে প্রধান আসামী করা হয়েছে। আদালতে তাদেরকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তবে, তাদের রিমান্ড শুনানী এখনো হয়নি।
নগরীর নয়াসড়ক বিহঙ্গ-২২/এ আনোয়ারা মতিন ভিলার মরহুম আব্দুল মছব্বিরের পুত্র ডাঃ ফাহমি ইকবাল রাব্বী (৩৮) ছাড়াও মামলার অপর আসামীরা হলেন- দক্ষিণ সুরমার মরহুম আব্দুল মোতালিবের পুত্র রুমেল আহমেদ (৩৫), বিমানবন্দর থানার আম্বরখানা বড়বাজারের মোঃ ইলিয়াজুর রহমানের পুত্র মোঃ ইমাদুর রহমান রাফি (২৮) ও গোলাপগঞ্জ থানার দড়া গ্রামের মোজাহিদ আলীর পুত্র মোঃ শাহ আলম মুন্না (২৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারী জানান, র‌্যাবের পক্ষ থেকে মঙ্গলবার সকালে তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, এদিন বিকালেই আসামীদের আদালতে চালান দেয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তাদেরকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে অনুমতি চেয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত রোববার ও সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডা: ফাহমিসহ চারজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed