Main Menu

শিক্ষকদের উপর হামলার এক বছর পূর্তিতে শাবিতে প্রতীকী অনশন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবি) ভিসি বিরোধী আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার দীর্ঘ এক বছর পূর্ন হয়েছে ৩০ আগস্ট মঙ্গলবার। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের শিক্ষকরা প্রতীকী অনশন পালন করেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ভিসি ভবনের সামনে কালো ব্যাচ ধারণ করে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহবায়ক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, কথা সাহিত্যিক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মো: ইউনুস, প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল আওয়াল বিশ^াস, প্রফেসর ড. মস্তাবুর রহমান প্রমুখ।
প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৫ সালের এই দিনে ছাত্রলীগ দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। তাদেরকে শাস্তি না দিয়ে বরং পুরস্কৃত করা হয়। এ ঘটনায় শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
কথা সাহিত্যিক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ বিশ^বিদ্যালয়ের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ব্যর্থতা সব আমি দেখেছি। এক বছর আগে ঠিক এখানে যে ঘটনা ঘটেছে তা আমি জীবনে দেখিনি, জীবনে আর কখনো দেখবো না এবং বাংলাদেশের কোন বিশ^বিদ্যালয়ে এমন ঘটনা আর ঘটবে না।
বাংলাদেশে প্রথম এ ধরণের ঘটনা ঘটলো যে এই ভাইস চ্যান্সেলর ছাত্রলীগকে ব্যবহার করে শিক্ষকদের গায়ে হাত দিয়েছেন। এ নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে আগাছা উপড়ে ফেলতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদেরকে বহিষ্কার করেছিল। কিন্তু এখন ভাইস চ্যান্সেলর তার জায়গায় এবং ছাত্রলীগ তাদের জায়গায় রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেন, গত বছরের ৩০ আগস্টের ঘটনার তদন্ত প্রতিবেদন আমার হাতে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৩০ আগস্ট শিক্ষকদের উপর ছাত্রলীগ হামলা করে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষকরা। অপরদিকে শিক্ষকরা ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছিত করেছিলেন বলে অভিযোগ উঠে।

Share





Related News

Comments are Closed