Main Menu

ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের ১৬জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শামসুল হক।
তবে এ ঘটনায় থানায় কোন এজাহার দায়ের করা হয়নি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ।
অন্যদিকে গত সোমবার রাতে থানায় এজাহার দায়ের করেছেন বলে দাবি করেছেন দোকান মালিক শামছুল হক।
জানা গেছে, সুবিদবাজারের স্টার প্লাজা মার্কেটের জালালী টেইলার্স এন্ড ফেব্রিক্সে হামলার ঘটনায় ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবুল কালাম তুহিন, সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলন, ছাত্রলীগ কর্মী জুলহাস, মাসুক, ফিরোজ, মামুন ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে গত সোমবার রাতে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শামসুল হক।
এদিকে এ ঘটনায় কোতয়ালী থানায় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কোন এজাহার দায়ের করা হয়নি বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ সোহেল আহমদ। তিনি জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। কেউ লিখিত ভাবে কোন এজাহার দায়ের করেনি।
এদিকে শামসুল হক জানান, আমি থানায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছি। এই এজাহারে অজ্ঞাতনামা হিসেবে আরো ৮/১০ জন রয়েছেন। পুলিশ এ ব্যাপারে অস্বীকার করার কোন উপায় নেই।
উল্লেখ্য, সোমবার সকালে সুবিদবাজারের স্টার প্লাজা মার্কেটের জালালী টেইলার্স এন্ড ফেব্রিক্সে ছাত্রলীগ সভাপতি আবুল কালাম তুহিন কিছু জিনিস ক্রয় করতে আসেন। এ সময় দোকানের মালিকের সাথে বনিবনা না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর কিছু সময় পর আবুল কালাম তুহিন, সাধারণ সম্পাদক মিলন এবং ছাত্রলীগ নেতা জুলহাসের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসীদল সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা দোকানটিতে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ ৫০ হাজার টাকা লুটপাট এবং আরও প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এসময় আত্মরক্ষার্থে দোকানের মালিক সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শামসুল ইসলাম দৌড়ে পালিয়ে যান।

Share





Related News

Comments are Closed