Main Menu

খুতবায় সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ইমাম আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালে একটি মসজিদে জুমার নামাজের খুতবায় সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় জঙ্গি সন্দেহে এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই ইমামের নাম হাফেজ মো. বেল্লাল হোসেন তালুকদার। তিনি বড়জালিয়া গ্রামের কালু তালুকদারের ছেলে।

বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পণ্ডিত শাহাবুদ্দিন জানান, বাউশিয়া জামে মসজিদের নিয়মিত ইমাম আবদুর রব অসুস্থ থাকায় জুমার নামাজ পড়ানোর কথা ছিল মাওলানা কবির হোসেনের। কিন্তু হঠাৎ করে একই গ্রামের হাফেজ বেল্লাল হোসেন ইমামের স্থানে দাঁড়িয়ে বলেন, তিনি নামাজ পড়াতে চান।

ওই মসজিদে নামাজ পড়তে যাওয়া স্থানীয় ইউপি সদস্য ঝন্টু হাওলাদারের বক্তব্যের বরাত দিয়ে শাহাবুদ্দিন বলেন, হাফেজ বেল্লাল হোসেন ইমামের জায়গায় দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশে বলতে থাকেন, বর্তমান সরকার নাস্তিক। ইসলাম আজ বিপন্ন। সরকারের নির্ধারণ করা খুতবাও সঠিক নয়।

এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ বেল্লালকে আটক করে।

ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, বেল্লাল অত্যন্ত উগ্র স্বভাবের এবং নাশকতার অভিযোগে ২০১৩ সালে ঢাকায় গ্রেপ্তার হওয়ার অভিযোগ আছে।

এ প্রসঙ্গে হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, বেল্লালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারবিরোধী বক্তব্য দেওয়ার জন্য মামলা হবে।

Share





Related News

Comments are Closed