Main Menu

ফুলবাড়ীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম ও ৯ম শ্রেনিতে পড়ুয়া ২ কিশোরী। বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া কিশোরীরা হলো উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরত পুরের গ্রামের মমতাজ আলীর মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকার শহিদুল ইসলামের মেয়ে ৯ম শ্রেনির ছাত্রী অনিকা পারভিন।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানায়, শুক্রবার সকাল থেকে কাজীহাল ইউনিয়নের হযরত পুর গ্রামের শারমিন আক্তার ও শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকার অনিকা পারভিনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে একদল পুলিশ শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকায় গিয়ে শহিদুল ইসলামের মেয়ে অনিকার বিয়ের আয়োজন ভেঙ্গে দেয়। এ সময় অনিকার বিয়ে না দেয়ার জন্য তার পিতা শহিদুল ইসলামের নিকট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর বেলা ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর গ্রামের মমতাজ এর বাড়ীতে গিয়ে তার মেয়ে শারমিন আক্তারের বিয়ের আয়োজন ভেঙ্গে দেয়। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতনের উপস্থিতিতে শারমিন আক্তারের পিতা মমতাজ এর নিকট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এভাবে দুটি কিশোরী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়।
উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা বলেন, শুক্রবার একাধিক স্থানে বাল্য বিয়ে হওয়ার খবর পেয়ে দুটি স্থানে অভিযান চালানো হয় এবং বাকী স্থানে পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন ভেঙ্গে দেয়া হয়। ফলে অনিকা ও শারমিন ছাড়াও আরো অনেকেই বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়।

Share





Related News

Comments are Closed