Main Menu

সিলেটে ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর জামিনে মুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ঘটে যাওয়া ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন বলে থানার ওসি সোহেল আহমদ জানান।
তিনি বলেন, “মামলায় অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”
মামলার আলামত হিসেবে ২০/২৫টি মোটরসাইকেল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।
ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণের কারামুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে মোটর সাইকেলে করে ছাত্রলীগের কর্মীরা এসে কারা ফটকে অবস্থান নেন।
“নিপুর জামিন প্রক্রিয়ায় দেরি হওয়ায় ছাত্রলীগকর্মীরা কারাগারের মূল ফটকে গিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে।”
এতে চার সাংবাদিক ও ১৬ কারারক্ষী আহত হন। পরে ছাত্রলীগ কর্মীরা সেখানে বেশ কয়েকটি হাতবোমা ফাটায় বলে ডিআইজি প্রিজন জানান।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাফটকে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। এসময় অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়।

Share





Related News

Comments are Closed