Main Menu

ফুলবাড়ী সীমান্তে যুবকের লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় সাইফুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনায়ক লেঃ কর্ণেল কোরবান আলীর উপস্থিতিতে জলপাইতলী বিওপির ৩০৪/১ এফ নং পিলারের নিকট বানাহার নামক স্থান থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম সীমান্ত ঘেষা বানাহার গ্রামের মকলেছার রহমানের ছেলে।
এই ঘটনায় নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় বৃহস্পতিবার সকালে একটি ইউডি মামলা দায়ের করেছে।
এদিকে সাইফুল ইসলামের নিহতের ঘটনায় ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ভারতীয় সীমান্ত বাহিনীর হাতেই সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তবে বিজিবি ও পুলিশ বলছে, বজ্রপাতের ঘটনায় সাইফুল ইসলামের মৃত্যু হওয়ার আলামত পাওয়া গেছে।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, রাত সাড়ে ১০টায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে উপজেলার সীমান্ত্ এলাকা বানাহার নামক স্থান থেকে সাইফুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে নিহত সাইফুলের মাথার পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে এবং তার কান দিয়ে রক্তপাত হতে দেখা গেছে। তার শরীর ঝলসানো ছিল।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী বলেন, বিওপির সৈন্যরা সীমান্ত টহল দেয়ার সময় রাত সাড়ে ১০টায় সাইফুল ইসলামের মৃতদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন। এরপর তিনি পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি বলেণ, সীমান্তের জিরো এলাকা থেকে ২০০ গজ ভিতরে বাংলাদেশের মধ্যে নিহত সাইফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। আর ভারতের কাটাতারের বেড়া জিরো এলাকা থেকে ২০০ গজ ভিতরে। সেখান থেকে একমাত্র গুলি করা ছাড়া ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষে কাউকে আঘাত করা সম্ভব নয়। যেহেতু সাইফুল ইসলামের শরীরে কোন গুলির চিহৃ পাওয়া যায়নি সেহেতু ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে নিহত হওয়ার কোন প্রশ্নই উঠে না। বরং তার শরীর প্রচন্ড বৃষ্টির মধ্যেও ঝলসে গেছে। এতে অনুমানা করা যায় বজ্রপাতের আঘাতেই তার মৃর্ত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোশারফ হোসেন বলেন, বুধবার দিবাগত রাত ৮টায় সাইফুল ইসলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে মাঝ ধরার জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর রাত সাড়ে ১০টায় বিজিবি খবর দেয় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপর রাত ১২টায় ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

Share





Related News

Comments are Closed