Main Menu

বেনাপোল দিয়ে দেশে ফিরল ৬ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পথে ভারতে গিয়ে আটক ৬ বাংলাদেশি কারাভোগ শেষে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। তারা দিল্লির তেহার জেলে আট বছর কারাভোগ করেন।

শুক্রবার বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তারা হলেন, খুলনার রেলওয়ে কলোনি এলাকার ফুল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩৮), সোনাডাঙ্গা উপজেলার বানিয়া খামার গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন শেখ (৩৭), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার সমেজপাড়া গ্রামের সবেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৬), বাগেরহাটের উত্তরবাধাল গ্রামের হাওলাদারের ছেলে জাকির হোসেন (৪২), মোড়েলগঞ্জ উপজেলার বড়ভাদুড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে সেকেন্দার আলী (৩৮) ও চালিতাবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহিম (৩৯)।

ফেরত আসা ইয়াসিন মিয়া জানান, গ্রিসে নিয়ে যাওয়ার কথা বলে দালালরা তাদের কাছ থেকে তিন লাখ করে টাকা নেন। পরবর্তীতে সীমান্তের অবৈধ পথে পাসপোর্ট ছাড়া তাদের ভারতে নিয়ে দিল্লী শহরে রেখে দালালরা পালিয়ে যান। এসময় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের কাজ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed