Main Menu

৭ জুলাই থেকে জানা যাবে কার নিবন্ধিত সিম কয়টি


বৈশাখী নিউজ ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সে তথ্য আগামী ৭ জুলাই থেকে গ্রাহকদের জানাতে শুরু করবে মুঠোফোন অপারেটররা।

বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সেটি ৭ জুলাই থেকে প্রত্যেক অপারেটর খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের জানাবে। এরপর নিবন্ধিত সিমের সংখ্যা নিয়ে যদি গ্রাহকের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি তা সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরকে জানাতে পারবেন।’

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন জালিয়াতির বিষয়ে তারানা হালিম বলেন, পুরো ব্যবস্থাটিকে নিশ্ছিদ্র করতেই পুলিশ আমাদের অনুরোধে দেশব্যাপী এসব অভিযান চালাচ্ছে। এ পদ্ধতি চালু করার কারণেই এখন এসব জালিয়াতি চক্রকে ধরা সম্ভব হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed