Main Menu

বিশ্বনাথে গ্রামবাসীর বাঁশের সাঁকো বন্ধের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার হাবড়াবাজারে সরকারী রাস্তায় জোরপূর্বক দেয়াল নির্মাণ করে গ্রামের মানুষের যাতায়াতের বাঁশের সাঁকো বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গত ২৬ জুন শনিবার গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কর্মকর্তা পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, হাবড়াবাজারের ছত্রিশ গ্রামের চরচন্ডি সরকারী খালের ওপর একটি বাঁশের সাঁকো রয়েছে। এই সাঁকুর ওপর দিয়ে দক্ষিণপাড়ে সরকারী রাস্তায় (দাগ নম্বর-২৩৭২) গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু একই গ্রামের মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি ভূমিখেকো চক্র সরকারি রাস্তা দখল করার পাঁয়তারা করছে। তারা সরকারী জায়গাকে ব্যক্তিগত দাবি করে বাঁশের সাঁকো ভেঙে ফেলে। গত ২৫ জুন তারা ওই সাঁকো মুখে দেয়াল নির্মাণ করে। গ্রামের মানুষ বাধা-নিষেধ দিলেও তারা তোয়াক্কা করেনি। এ ঘটনায় গ্রামের আসকর আলী বাদি হয়ে সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা করেন। পরে গ্রামের ৬০ জন লোক স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসউদুল কবির বলেন, গ্রামের মানুষের লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed