Main Menu

বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোনের সরবরাহ শুরু হচ্ছে

বৈশাখী নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রাহকের হাতে পৌঁছানোর অপেক্ষায় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’। প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের কাছে আগামী ৩০ জুন থেকে হ্যান্ডসেটটি পৌঁছানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে নয়দাভিত্তিক স্টার্টআপ কোম্পানি রিংগিং বেল।

অথচ চলতি বছরের ফেব্রুয়ারিতে স্মার্টফোনটি তৈরির ঘোষণা দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। পুলিশি হয়রানিসহ কোম্পানির বিরুদ্ধে এফআইআরও হয়।

রিংগিং বেলের প্রতিষ্ঠাতা ও সিইও মোহিত গোয়েল বলেন, গ্রাহকদের প্রতিশ্রুতি পূরণে কোম্পানি পুরোপুরি সক্ষম। প্রায় দুই লাখ হ্যান্ডসেট নিয়ে আমরা তৈরি। আগামী ৩০ জুন থেকে প্রথম পর্বের সরবরাহ শুরু হবে।

মোহিত গোয়েল আরো বলেন, ‘ভুল থেকে ‍আমাদের শিক্ষা হয়েছে, এরপর পণ্য তৈরি না হওয়া পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের হাতে ৪ ইঞ্চি পর্দার, দুই সিমের হ্যান্ডসেটটি সরবরাহের জন্য প্রস্তুত।’

ফেব্রুয়ারিতে হ্যান্ডসেটটির ঘোষণা দেওয়ার পর ২৫ লাখ হ্যান্ডসেট দেওয়ার পরিকল্পনা ছিল রিংগিং বেলের। যদিও রেজিস্ট্রেশনের দুই দিনের মাথায় ওয়েবসাইট জটিলতার আগে সাত কোটির বেশি হ্যান্ডসেটের প্রি-অর্ডার হয়। সাদা ও কালো এ দুই রংয়ের হ্যান্ডসেটটির মূল্য ২৫১ রুপি। প্রতিষ্ঠানটির প্রতি মাসে দুই লাখ হ্যান্ডসেট বিক্রির পরিকল্পনা রয়েছে।

তার তথ্য অনুযায়ী, প্রতিটি হ্যান্ডসেটে ১৪০-১৫০ রুপি ক্ষতি হচ্ছে রিংগিং বেলের। তবে ‘মেক ইনি ইন্ডিয়া’ কার্যক্রমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার অংশীদার হওয়ায় বেশ খুশি।

ললিপপ ৫.১ ভার্সনের ৪ ইঞ্চি পর্দার থ্রিজি প্রযুক্তির হ্যান্ডসেটটির র‍্যাম ১ গিগাবাইট। ১.৩ গিগাহার্জ প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা। যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

এদিকে, কোম্পানিটি সবচেয়ে কমমূল্যে এলইডি টেলিভিশন ছাড়ার পরিকল্পনা করছে। ‘ফ্রিডম’ নামে ৩২ ইঞ্চি ওই টিভির মূল্য হবে দশ হাজার রুপি। আগামী দু’তিনদিনের মধ্যে অনলাইনে তারা এ টিভি ছাড়বে। তাদের হাতে বর্তমানে টেলিভিশনটির এক লাখ পিস স্টক রয়েছে।

Share





Related News

Comments are Closed