Main Menu

উত্তরায় লিফট ছিঁড়ে ভবনে আগুন, নিহত বেড়ে ৭

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি মাহমুদুল হাসান ওই মার্কেটের সহকারী জেনারেল ম্যানেজার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে ওই ব্যক্তি মারা যান।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ হওয়াদের মধ্যে একই পরিবারের তিনজনকে এখানে ভর্তি করা হয়। এর মধ্যে মাহমুদুল হাসানের ৮০ শতাংশ, তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ ও আটমাস বয়সী ছেলে ম‍ুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসানের মৃত্যু হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনের নাম পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- মুন্সীগঞ্জ সিরাজদিখানের মৃত দিল মোহাম্মদের মেয়ে কামরুল নাহার (৩০), ফরিদপুর নগরকান্দার বাচ্চু মিয়ার ছেলে রেজাউল ইসলাম (৩৫), শেরপুরের আনিসুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪০), পাবনার আমিনপুরের মিজানুর রহমান (৫৩), জসিম ও শপিং মলের সহাকরী জেনারেল ম্য‍ানেজার মাহমুদুল হাসান (৩৫)।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা রাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা সাত-এ দাঁড়িয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দে ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটির নিচতলায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি ইফতার মাহফিল চলছিলো। এ সময় ওই অনুষ্ঠানে থাকা ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও তার দুই ছেলে-মেয়ে দগ্ধ হন। ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হন রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির কর্মচারী মামুনও (২৮)।

দগ্ধ হাসানের পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে হলেও উত্তরা-১৩ সেক্টরে থাকেন। মায়শা উত্তরা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় একঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Share





Related News

Comments are Closed